কন্যাসন্তান প্রসবের ‘অপরাধ’: যমজ শিশু বিক্রি করে কাবিনের টাকা শোধের হুমকি পাষণ্ড স্বামীর, মহেশপুরে তোলপাড়

0
কন্যাসন্তান প্রসবের ‘অপরাধ’: যমজ শিশু বিক্রি করে কাবিনের টাকা শোধের হুমকি পাষণ্ড স্বামীর, মহেশপুরে তোলপাড়

ঝিনাইদহ প্রতিনিধিঃ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কন্যাসন্তান জন্ম দেওয়া যে কোনো নারীর জন্য কতটা চরম নিষ্ঠুরতা বয়ে আনতে পারে, তার এক নির্মম সাক্ষী হলেন ঝিনাইদহের রিনা খাতুন (২২)। যমজ কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তাকে কেবল তালাকই দেওয়া হয়নি, বরং সেই সদ্যোজাত সন্তানদের বিক্রি করে দেনমোহরের (কাবিননামা) টাকা পরিশোধের পৈশাচিক হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবের ইউনিয়নের নতুন কোলা গ্রামে এই মধ্যযুগীয় বর্বরতার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ রিনা খাতুন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে প্রশাসনের কাছে আইনি প্রতিকার ও কঠোর বিচারের দাবি জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে নতুন কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় পার্শ্ববর্তী পুরাতন কোলা গ্রামের মৃত পীর বক্সের মেয়ে রিনা খাতুনের। বিয়ের শুরুর দিকটা সুখের হলেও রিনা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সংসারে মেঘ জমতে শুরু করে।

গর্ভধারণের ছয় মাস পর চিকিৎসকের পরামর্শে রিনার আল্ট্রাসনোগ্রাফি করা হয়। রিপোর্টে গর্ভে যমজ কন্যাসন্তান থাকার বিষয়টি নিশ্চিত হওয়া মাত্রই বদলে যায় স্বামী রাকিবুল ও তার পরিবারের চেহারা।

কন্যাসন্তানের খবর শোনার পর থেকেই রিনার ওপর শুরু হয় তীব্র মানসিক ও শারীরিক নিপীড়ন। একপর্যায়ে তাকে একপ্রকার জোরপূর্বক ও বস্ত্রহীন অবস্থায় বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বাবার বাড়িতে চরম অর্থকষ্টের মধ্যেই দেড় মাস আগে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে দুটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন রিনা। তবে নিষ্পাপ শিশুদের বয়স দেড় মাস পেরিয়ে গেলেও একনজর দেখতে আসেনি জন্মদাতা পিতা রাকিবুল বা তার পরিবারের কেউ। নেওয়া হয়নি তাদের চিকিৎসার কিংবা ভরণপোষণের ন্যূনতম দায়িত্ব।

“কন্যাসন্তান জন্ম দেওয়া নাকি আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ! এই অজুহাতে আমাকে অমানুশিকভাবে পিটিয়ে তালাক দেওয়া হয়েছে। এখন আমার স্বামী হুমকি দিচ্ছে, এই যমজ কন্যাসন্তানদের বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে নাকি সে আমার কাবিনের দেনমোহর শোধ করবে!” — কান্নাজড়িত কণ্ঠে বলেন অসহায় মা রিনা খাতুন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নুহু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই অমানবিক বিষয়টি সুরাহা করতে এলাকায় দুই দফায় সালিশ-বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু লিঙ্গ বৈষম্যের অন্ধত্বে নিমজ্জিত রাকিবুল ও তার পরিবার কোনোভাবেই কন্যাসন্তান ও রিনাকে মেনে নিতে রাজি হয়নি। ফলে কোনো সুষ্ঠু সমাধান মেলেনি।

এদিকে ঘটনাটি জানাজানির পর থেকে অভিযুক্ত স্বামী রাকিবুল ইসলাম ও শ্বশুর শহিদুল ইসলাম বাড়ি ফেলে আত্মগোপনে (পলাতক) রয়েছেন।

এই বর্বরোচিত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। বিষয়টি আমলে নিয়েছেন স্থানীয় প্রশাসন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের সামাজিক অবক্ষয়ের এক চরম বহিঃপ্রকাশ। আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই এই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”