মালয়েশিয়ার কারাগার থেকে ২ হাজার বাংলাদেশিকে ফেরানোর ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

0
মালয়েশিয়ার কারাগার থেকে ২ হাজার বাংলাদেশিকে ফেরানোর ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

‘প্রতিশোধের রাজনীতি নয়, ধ্বংসস্তূপ থেকে দেশ গড়াই এখন লক্ষ্য’—কুয়ালালামপুরে সুধী সমাবেশে সরকারপ্রধান

বাংলাদেশ প্রতিবেদকঃ মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে নানা কারণে আটকে থাকা প্রায় দুই হাজার বাংলাদেশি বন্দিকে দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিগত সরকারের চরম নির্যাতনের শিকার হলেও তিনি কোনো ব্যক্তিগত আক্রোশ বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন; বরং সবাইকে ধৈর্য ধরে ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২১ জুন) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অভিজাত ‘শাংগ্রি-লা’ হোটেলে আয়োজিত এক প্রবাসীদের সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

প্রবাসীদের মুক্তি ও শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ

মালয়েশিয়ার অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে কীভাবে বন্দি বাংলাদেশিদের মুক্ত করা যায়, সেই চেষ্টা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন “এখানে (মালয়েশিয়ায়) বহু বাংলাদেশি শ্রমিক কাজ করেন। নানা কারণে অনেক প্রবাসী কারাগারে আটকে আছেন, যার সংখ্যা প্রায় ২ হাজার। আগামীকাল মালয়েশিয়া সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আমরা এ বিষয়ে কথা বলব। দেশের আইনের ভেতরে থেকে যতটুকু সুবিধা আদায় করা যায়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা করব।”

একই সাথে মালয়েশিয়ায় যাতে কোনো অদক্ষ শ্রমিক এসে প্রতারিত না হয়, সেজন্য দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে (টেকনিক্যাল ইনস্টিটিউট) আরও কার্যকর করার ঘোষণা দেন তিনি। মালয়েশিয়ার প্রবাসী শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান।

‘আই এম দি প্রাইম মিনিস্টার, কিন্তু আমি প্রতিশোধ চাই না’

বিগত দেড় দশকের শাসনব্যবস্থা এবং এক-এগারো (১/১১) সরকারের আমলে নিজের ও পরিবারের ওপর নেমে আসা অমানুষিক নির্যাতনের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবেগঘন কণ্ঠে তিনি বলেন:

“১/১১-এর পরে এবং পরবর্তীতে বিভিন্ন সময় আমার, আমার মা (বেগম খালেদা জিয়া) এবং আমার প্রয়াত ভাইয়ের (আরাফাত রহমান কোকো) সাথে কী ঘটেছিল তা সবার জানা। আম্মা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হলেও তারা তা দেয় নাই। আজ বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার (আমি দেশের প্রধানমন্ত্রী)। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু তাতে কার কী লাভ হবে? কারো কোনো বেনিফিট হবে না। এই প্রতিশোধের রাজনীতি থেকে আমাদের বের হতে হবে।”

তিনি আরও যোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী দেশ থেকে শুধু নিতে নিতে দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষ বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।

ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক মানের যোগ্য করে গড়ে তুলতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে সন্তানদের নিজস্ব স্বকীয়তায় গড়ে তোলার পাশাপাশি ৫টি ভাষা শেখানো হবে, যার মধ্যে ইংরেজি ভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

আগামী এক বছরে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের উদ্দেশ্যে যাবেন, তাদের জন্য সরকার বাধ্যতামূলক ‘বেসিক আরবি ভাষা’ শেখানোর ব্যবস্থা করবে।

নতুন শিক্ষাক্রমে স্কুলের সিলেবাসে ৫টি খেলাধুলোকে (Sports) অন্তর্ভুক্ত করা হবে। এটি কেবল বিনোদন নয়, বরং নিয়মিত পরীক্ষার বিষয় হিসেবে থাকবে এবং শিক্ষার্থীদের এতে কৃতকার্য হতে হবে।

কুয়ালালামপুরের পরিচ্ছন্ন রাস্তার প্রশংসা করে প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশে বলেন, “কুয়ালালামপুরের রাস্তাগুলো অনেক পরিষ্কার লেগেছে। আর এই পরিষ্কার করার কাজটি কিন্তু আমার দেশের ভাইয়েরাই করছে। আমার কথা হলো—আমার দেশের ভাইরা যদি পরবাসে এত সুন্দর কাজ করতে পারে, তবে আমরা নিজ দেশে কেন পারব না? বাংলাদেশের সামনে অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে এর জন্য আমাদের কঠোর পরিশ্রম ও ধৈর্য ধারণ করতে হবে।”

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দেশ গঠনে বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন যুগান্তকারী পরিকল্পনার কথা স্মরণ করিয়ে দেন। বিশেষ করে প্রান্তিক মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং দেশের পানির উৎস ও কৃষি ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখনন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন।

উক্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান। অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী, চাকুরিজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সফরের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ একান্ত (One-to-One) বৈঠকে বসবেন। এরপর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের উপস্থিতিতে দ্বিপক্ষীয় চুক্তি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।