
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের অজু করার সময় প্রকৃতির আকস্মিক রুদ্রতাপে প্রাণ হারিয়েছে তিন মাদ্রাসা শিক্ষার্থী। রোববার (২১ জুন) রাতে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকায় এ মর্মান্তিক বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। এই ঘটনায় পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তিন শিক্ষার্থীই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর এলাকার বাসিন্দা এবং তারা পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় অধ্যায়নরত ছিল। নিহতরা হলেন জহিরুল ইসলাম (বাদলের ছেলে), আবু রায়হান (দেলোয়ার হোসেনের ছেলে), আবু জাফর (একই এলাকার বাসিন্দা)
এই ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে মাগরিবের নামাজের সময় ঘনিয়ে এলে পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা একসঙ্গে অজু করতে যায়। ওই সময় হঠাৎ করে আকাশ কালো করে বজ্রসহ তুমুল বৃষ্টিপাত শুরু হয়।
শিক্ষার্থীরা অজু করা অবস্থায় আচমকা একটি প্রচণ্ড ক্ষমতাসম্পন্ন বজ্রপাত মাদ্রাসার অজুখানার ওপর আঘাত হানে। এতে ওজু করতে থাকা চার শিক্ষার্থী মুহূর্তের মধ্যে ঝলসে গিয়ে গুরুতর আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে।
বিস্ফোরণের শব্দ শুনে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত ও অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন কিশোর শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “বজ্রপাতে আক্রান্ত হয়ে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছিল, তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত এবং সে ভালো আছে।”
একসঙ্গে তিন কচি প্রাণের এমন অকাল ও নির্মম মৃত্যুতে পাঁচকান্দি মাদ্রাসাসহ পুরো মনোহরদী ও তাদের নিজ জেলা কিশোরগঞ্জের হোসেনপুরে কান্নার রোল পড়েছে। সন্তান হারিয়ে স্তব্ধ হয়ে গেছেন পরিবার ও সহপাঠীরা। ঘটনার পর রাতেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন।
