গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল মাওনা চৌরাস্তা। সামান্য বৃষ্টিতেই অচল হয়ে পড়ে মহাসড়কের এ অংশটি। ভারি বৃষ্টিতে সড়কের দুই লেন পানিতে তলিয়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
সরজমিনে দেখা যায়, বৃষ্টির পর মহাসড়কের বিভিন্ন অংশে হাঁটুসমান জলাবদ্ধতা তৈরি হয়। বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘ সময় পানি নেমে না যাওয়ায় যানবাহনের গতি কমে গিয়ে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের হাঁটু পানি মাড়িয়ে যাতায়াত করতে হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশের ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই।
স্থানীয় ব্যবসায়ী হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই দোকানের সামনে পানি উঠে যায়, এলাকা ডুবে যাওয়ায় ব্যবসা প্রায় বন্ধ থাকে। ঢাকাগামী পরিবহনচালক ইমরান বলেন, ‘পানির নিচে গর্ত দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞা বলেন, ‘মাওনা চৌরাস্তার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।

