নীলফামারীর বড় মাঠ দখল করে একাধিক দোকান, অনুশীলন সংকটে খেলোয়াড়রা

0
নীলফামারীর বড় মাঠ দখল করে একাধিক দোকান, অনুশীলন সংকটে খেলোয়াড়রা

মহিনুল সুজনঃ নীলফামারী জেলা শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বড় মাঠ। প্রতিদিন শত শত মানুষ এখানে হাঁটতে আসেন। মাঠকে ঘিরে রয়েছে ওয়াকওয়ে, একটি ফুটবল মাঠ ও দুটি ক্রিকেট মাঠ। পাশাপাশি ভলিবল, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাও নিয়মিত অনুষ্ঠিত হতো এখানে। তবে মাঠের একাংশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানের কারণে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে ক্রীড়াঙ্গন। বন্ধ হয়ে গেছে ভলিবল ও কাবাডি খেলার জায়গা। ক্রিকেটের একটি মাঠও কার্যত দখলে চলে যাওয়ায় অনুশীলনে চরম সংকটে পড়েছেন খেলোয়াড়রা।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ দোকানগুলোর কারণে মাঠে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা জমছে। দর্শনার্থীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই উন্মুক্ত মাঠ তার সৌন্দর্য ও কার্যকারিতা হারাতে বসেছে।

সাবেক ক্রিকেট খেলোয়াড় আব্দুস সালাম বাবলা বলেন, এক সময় এই মাঠেই নিয়মিত ক্রিকেট অনুশীলন করতেন তারা। কিন্তু এখন মাঠের একটি বড় অংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। শতাধিক দোকান বসায় খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে। ক্রীড়াঙ্গনের স্বার্থে এসব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা জরুরি বলে তিনি মনে করেন।

ক্রিকেট খেলোয়াড় সোহাগ আলী বলেন, বড় মাঠে দুটি ক্রিকেট পিচ থাকলেও বর্তমানে কার্যত একটি ব্যবহার করা যাচ্ছে। অন্যটি অবৈধ দোকানের দখলে রয়েছে। কোনো টুর্নামেন্ট আয়োজন করা হলে অনুশীলনের জন্য আর কোনো জায়গা থাকে না। দখলমুক্ত হলে খেলোয়াড়রা নির্বিঘ্নে অনুশীলনের সুযোগ পাবেন।

আরেক খেলোয়াড় নাজমুস সাকিব জুন বলেন, অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হলে মাঠে আবারও সুন্দর ও স্বাস্থ্যকর ক্রীড়া পরিবেশ ফিরে আসবে। খেলোয়াড়রা পর্যাপ্ত জায়গায় অনুশীলন করতে পারবেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু মোহাম্মদ সোয়েম বলেন, মাঠের অবৈধ দোকান উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। দোকানিদের প্রথমে নোটিশ দিয়ে স্বেচ্ছায় সরে যাওয়ার জন্য সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থান ত্যাগ না করলে আইনানুগ ব্যবস্থা নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক সাইদুল ইসলাম বলেন,খুব দ্রুত সময়ের মধ্যে বড় মাঠে খেলা,ব্যায়াম ও হাটাচলার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।অভিযোগ এসেছে,অবৈধ দোকানের কারণে এ গুলো বিঘ্নিত হচ্ছে।সবার সাথে কথা বলে অবৈধ দোকান গুলো উচ্ছেদ করে ক্রীড়ার পরিবেশ ফিরিয়ে আনা হবে।