
আজকের ডেস্কঃ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট) রাজনৈতিক প্রতিহিংসা, বঞ্চনা ও অবিচারের শিকার হওয়া সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তাকে পুনর্বাসন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বরখাস্ত, চাকরিচ্যুত, অপসারিত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব ক্ষতিগ্রস্ত কর্মকর্তাকে মর্যাদা ফিরিয়ে দিতে ‘স্বাভাবিক অবসর’ প্রদানসহ পেছনের তারিখ থেকে ‘ভূতাপেক্ষ পদোন্নতি’ ও বড় অঙ্কের বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত ১ জুলাই (বুধবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা বিশেষ এই প্রশাসনিক আদেশটি অবিলম্বে কার্যকর করতে সশস্ত্র বাহিনী বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বৈষম্যের শিকার হয়ে এই দীর্ঘমেয়াদি বিশেষ পুনর্বাসন ও আর্থিক সুবিধার আওতায় আসা মোট ১৫০ জন কর্মকর্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী: ১১৫ জন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী: ২১ জন কর্মকর্তা, বাংলাদেশ বিমানবাহিনী: ১৪ জন কর্মকর্তা
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের আবেদন মূল্যায়নের জন্য সশস্ত্র বাহিনীর তিন সদর দপ্তর পৃথক পৃথক পর্ষদ গঠন করে। পরবর্তীতে, চলতি বছরের ৩ মে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের রিভিউ কমিটি গঠন করা হয়।
এই উচ্চপর্যায়ের কমিটি ও তিন বাহিনীর সদর দপ্তরের পাঠানো সুপারিশ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। কমিটির সুপারিশে স্পষ্ট বলা হয়েছে—বিগত সরকারের অন্যায়ের শিকার হওয়া চৌকস কর্মকর্তাদের মান-মর্যাদা ও প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়াই এই আদেশের মূল লক্ষ্য। এর আগে প্রথম দফায় আরও ১৪১ জন কর্মকর্তাকে একইভাবে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছিল। নতুন আদেশের ফলে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জারি করা পূর্বের আংশিক প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধিকাংশ কর্মকর্তার বেআইনি বা অকালীন বাধ্যতামূলক অবসর আদেশ বাতিল করা হয়েছে। তাদের বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত চাকরি বহাল ধরে কাগজে-কলমে ‘স্বাভাবিক অবসর’ দেওয়া হয়েছে।
অনেক কর্মকর্তাকে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। এর ফলে তাঁরা সংশ্লিষ্ট পদের বর্ধিত মেয়াদের বকেয়া বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী শতভাগ গ্র্যাচুইটি ও পেনশন সুবিধা পাবেন।
কয়েকজন কর্মকর্তার চরম পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির গভীরতা বিবেচনা করে এককালীন বিশেষ আর্থিক প্রণোদনা অনুমোদন করা হয়েছে। কর্মকর্তাদের ক্যাটাগরি অনুযায়ী এই এককালীন অনুদান ৩০ লাখ টাকা, ৫০ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বয়স ও যোগ্যতাসাপেক্ষে স্বায়ত্তশাসিত বা সরকারি প্রতিষ্ঠানে পুনরায় চুক্তিভিত্তিক পদায়নের সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আলোচিত শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম (সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব) ২০০৯ সালের ১২ মার্চ বাধ্যতামূলক অবসর। অকালীন অবসর বাতিল। ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত চাকরি বহাল ধরে স্বাভাবিক অবসর। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল পদের বকেয়া বেতন ও ভাতা।
মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী (সাবেক মহাপরিচালক, এসএসএফ) ২০০৯ সালের ১২ মার্চ বাধ্যতামূলক অবসর। অকালীন অবসর বাতিল। ২০১৩ সালের ২৫ আগস্ট পর্যন্ত চাকরি বহাল ধরে স্বাভাবিক অবসর। ২০০৯ থেকে ২০১৩ মেয়াদের মেজর জেনারেল পদমর্যাদার পূর্ণ বকেয়া সুবিধা।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী (সাবেক ব্রিগেডিয়ার জেনারেল) ২০০৯ সালের ২৪ জুন বাধ্যতামূলক অবসর। ২০১১ সালে মেজর জেনারেল এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি। দুই পদের বকেয়া বেতন, ১ কোটি টাকা বিশেষ আর্থিক প্রণোদনা এবং যোগ্যতা সাপেক্ষে সরকারি উচ্চপদে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ।
মেজর জেনারেল মো. আনিসুজ্জামান ভূঁইয়া (সাবেক ব্রিগেডিয়ার জেনারেল) ২০১৬ সালের জানুয়ারিতে স্বাভাবিক অবসর। মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতিসহ ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত চাকরির মেয়াদ বৃদ্ধি। অতিরিক্ত ২ বছরের মেজর জেনারেল পদের স্কেলে বকেয়া সুযোগ-সুবিধা।
রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ নৌবাহিনী) ২০১০ সালের মার্চে বাধ্যতামূলক অবসর। বাধ্যতামূলক অবসর বাতিল। চাকরির মেয়াদ বৃদ্ধি করে ২০১৫ সালে স্বাভাবিক অবসর। বর্ধিত ৫ বছরের রিয়ার অ্যাডমিরাল পদের বকেয়া বেতন-ভাতা ও রিটায়ারমেন্ট সুবিধা।
এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ দেলোয়ার হোসেন (বাংলাদেশ বিমানবাহিনী) ২০০৯ সালে বাধ্যতামূলক অবসর। চাকরির মেয়াদ দীর্ঘ ৬ বছর বাড়িয়ে ২০১৫ সাল পর্যন্ত গণনা করে স্বাভাবিক অবসর। বর্ধিত ৬ বছরের এয়ার ভাইস মার্শাল পদের পূর্ণ বকেয়া আর্থিক সুবিধা।
এছাড়াও তালিকায় রয়েছেন সাবেক শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালীসহ তিন বাহিনীর উচ্চ ও মধ্যম সারির আরও বহু কর্মকর্তা, যাদের প্রত্যেকের আগের অবসরের তারিখ সংশোধন করে সংশোধিত প্রাপ্যতা প্রজ্ঞাপনে বিস্তারিত আকারে উল্লেখ করা হয়েছে।
