
হাবিবুর রহমানঃ খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পেট্রল ঢেলে আগুন দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সময় ভারী বৃষ্টি থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং স্মৃতিস্তম্ভটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
এদিকে, এই নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ। আটক রনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই বলে জানা গেছে।
স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত এক যুবক অত্যন্ত পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্ত ও তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতারাই এই নাশকতার নেপথ্যে রয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান “রাত ৯টার দিকে দুইজন যুবক ‘সাংগঠনিক কাজ আছে’ বলে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে। তারা ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই স্মৃতিস্তম্ভের দিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।”
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গতকাল রাতে বেশ বৃষ্টি ছিল, যার কারণে আগুন ছড়াতে পারেনি এবং বড় ক্ষতি এড়ানো গেছে। রাতের কোনো এক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এই কাপুরুষোচিত ঘটনাটি ঘটিয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
