সুনামগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী লাউড়গড় এলাকার বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজন করেছে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, যেখানে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে তাহিরপুর উপজেলার লাউড়গড় এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা,চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
বিজিবি জানায়,সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাহিনীটির অন্যতম দায়িত্ব। সেই ধারাবাহিকতায় বন্যাকবলিত সীমান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, বন্যার কারণে অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারছিলেন না।এমন পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা,ভবিষ্যতেও সীমান্ত অঞ্চলের দুর্যোগকবলিত মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

