শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

0
শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

মৌলভীবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধারাবাহিকতায় মৌলভীবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই, ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা আক্তার, পিটিআই কমিটির সভাপতি সোহেল আহমেদ, সহকারী শিক্ষক নাজমা বেগম, নাছিমা আক্তার, জাকিয়া বেগম, শারমিন সুলতানাসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পিটিআই কমিটির সভাপতি সোহেল আহমেদ বলেন, বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি বর্তমান প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবুজে ভরে উঠবে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা আক্তার বলেন, বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, বরং পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি। ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা গাছ লাগানো, পরিচর্যা এবং পরিবেশ রক্ষার বাস্তব শিক্ষা লাভ করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।