উগ্রবাদের ঠাঁই নেই বাংলাদেশে, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
উগ্রবাদের ঠাঁই নেই বাংলাদেশে, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশে যেকোনো মূল্যে চরমপন্থা ও উগ্রবাদ রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে বিরোধী দলের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তৃতায় তিনি জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নপূরণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর ঘোষণা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি বলেন, “আমাদের শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যেখানে ন্যায়পরায়ণতা এবং ন্যায়বিচারই হবে শেষ কথা। যে বাংলাদেশে ধনী কিংবা গরিব—কেউ বৈষম্যের শিকার হবেন না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই বাংলাদেশে কোনো ধরনের চরমপন্থা এবং উগ্রপন্থার ঠাঁই হতে পারে না।”

তিনি উল্লেখ করেন, সরকারের সাথে বিরোধী দলের কিছু বিষয়ে নীতিগত দ্বিমত থাকতে পারে, তবে উগ্রবাদ ও চরমপন্থা দমনের মতো জাতীয় ইস্যুতে বিরোধী দল সম্পূর্ণ সহযোগিতা করবে বলে তিনি বিশ্বাস করেন।

জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে অতীতে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, সেই পথ চিরতরে বন্ধ করা হবে। বিএনপির রাজনৈতিক অঙ্গীকা্রের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই সরকারের একমাত্র লক্ষ্য হলো জনগণ এবং বাংলাদেশের সামগ্রিক কল্যাণ। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জুলাই সনদের’ প্রতিটি দফা বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ ও অঙ্গীকারবদ্ধ।

দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে খুব শীঘ্রই ‘ইউনিভারসাল কার্ড’ চালু করবে বিএনপি সরকার।

সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, দেশের প্রধান চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতিবাজরা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

পাশাপাশি স্বাধীনতার পর থেকে শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি ও রাজনীতি হয়েছে, তা নিরসনে বিস্তারিত এবং নিরপেক্ষ গবেষণার মাধ্যমে সঠিক তালিকা প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।

সংসদের সুস্থ গণতান্ত্রিক রীতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধী দলের সঙ্গে মতভিন্নতা থাকলেও কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতা নেই।

তিনি তাঁর বক্তব্যের শেষভাগে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, রাজনীতি থেকে প্রতিহিংসা ও প্রতিশোধের সংস্কৃতি বাদ দিয়ে প্রতিষ্ঠা করা হবে কেবলই ‘ন্যায়পরায়ণতা’। এই বাংলাদেশ যাতে আর কখনো ফ্যাসিবাদের কবলে না পড়ে এবং কোনোভাবেই কোনো তাবেদারি রাষ্ট্রে পরিণত না হয়—তা রুখতে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে শতভাগ জাতীয় ঐক্য রয়েছে।