টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ

0
টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে টিসিবির এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়ন নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত প্রায় ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে ঝলসে যাওয়া অবস্থায় নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ। উদ্ধারকৃত ভ্যান চালক হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে নয়ন (১৮)।

এ বিষয়ে ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মাহবুবুল আলম জানান, বুধবার রাত প্রায় ৯ টার দিকে ডিলারের গোডাউনটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গোডাউনের তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ডাল, তেল ও চিনিসহ মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কিছু পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নেভানোর পর গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় ভেতর থেকে ভ্যান চালক নয়নের ঝলসে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। সম্ভবত আগুন নেভানোর সময় তিনি উপর তলায় গেলে ধোয়াতে কিছু দেখতে না পেয়ে সেখানেই মারা যান তিনি।