শার্শা প্রতিনিধি: যশোরে আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য যুবদলের যুব সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে শার্শায়। এ উপলক্ষে শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেল ৫টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান মধু। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম এবং সঞ্চালনা করেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দীপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দ এবং উপজেলার ১১টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান মধু বলেন, আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুব সমাবেশ হবে ইতিহাসের অন্যতম বৃহৎ ও সফল সমাবেশ। তিনি বলেন, এই সমাবেশের মাধ্যমে যুবদলের প্রতিটি ইউনিট আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। তিনি আরও বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি ৫ আগস্টের পূর্বে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
সভায় বক্তারা আগামী ১ আগস্টের যুব সমাবেশ সফল করতে শার্শা উপজেলা, বেনাপোল পৌরসহ সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

