ঈশ্বরদী প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঈশ্বরদী উপজেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জাকারিয়া পিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (২৭ জুলাই) সকালে ঈশ্বরদী রেলগেট এলাকায় অবস্থিত জাকারিয়া পিন্টুর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি সাইফুদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াসিমসহ অন্যান্য নেতারা ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
এ সময় নবনির্বাচিত শিক্ষক নেতাদের অভিনন্দন জানিয়ে জাকারিয়া পিন্টু বলেন, “একটি সুশিক্ষিত, দক্ষ ও মানবিক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের মর্যাদা, ন্যায্য অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকদের কল্যাণে কাজ করবে এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “শিক্ষক সমাজ শক্তিশালী হলে দেশও এগিয়ে যাবে। শিক্ষা ও শিক্ষকদের যেকোনো ন্যায্য দাবি-দাওয়া ও গঠনমূলক আন্দোলনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।”
সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষক সমিতির নেতারা সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

