শ্রদ্ধা ও ভালোবাসায় প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীনের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

0
শ্রদ্ধা ও ভালোবাসায় প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীনের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

জয়নাল আবেদীনঃ রংপুরের বরেণ্য সাহিত্যিক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রংপুর টাউন হল চত্বরে অবস্থিত পরিষদ কার্যালয়ে ‘শ্রদ্ধায় স্মরণ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ।

অনুষ্ঠানে পরিষদের সভাপতি ড. নাসিমা আকতারের সভাপতিত্বে স্বাগত প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। প্রবন্ধের মূল বিষয়বস্তু ছিল: ‘অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীন: পরিজনের প্রিয় অনুভব’।

স্মরণসভায় মরহুমের বহুমুখী জীবন, সাহিত্যচর্চা ও সামাজিক অবদান নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ‘মানুষ হিসেবে অধ্যাপক আলীম উদ্দীন’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন পরিষদ উপদেষ্টা অধ্যাপক আতাহার আলী খান। এ ছাড়া তাঁর জীবন ও সৃষ্টিশীল কর্ম নিয়ে আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, পরিষদ উপদেষ্টা আনওয়ারুল ইসলাম রাজু এবং কার্যনির্বাহী সদস্য শ ম আমজাদ হোসেন সরকার। প্রয়াত লেখকের বহুল আলোচিত গবেষণা ও সাহিত্যগ্রন্থ ‘রংপুর সংবর্তিকা’ এবং ‘নক্ষত্রের রূপোলী আলোয়’ থেকে নির্বাচিত লেখা ও কবিতা পাঠ করেন পরিষদের সাবেক সভাপতি হাসনা হেনা বেগম রোজী এবং অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী।

মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সহ-সভাপতি সুনীল সরকার, নাট্য সম্পাদক নিরেশ চন্দ্র মুখার্জি, শুভার্থী জাহাঙ্গীর আলম বুলেট, আজীবন সদস্য আব্দুল কুদ্দুস এবং জি এস বাপ্পন।

অনুষ্ঠানে অধ্যাপক আলীম উদ্দীনের পরিবারের পক্ষ থেকে স্মৃতিকথা ও আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন তাঁর বড় জামাতা স্বাত্ত্বিক শাহ আল মারুফ, বড় কন্যা শাহানা পারভীন বীথি এবং ছোট কন্যা নিশাত নিগার করবী।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদ উপদেষ্টা ডা. সমর্পিতা ঘোষ, সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায় এবং শুভার্থী আব্দুল জব্বার। পুরো স্মৃতি অনুষ্ঠানটি সাবলীলভাবে সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষাবিদ ও সাহিত্যিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পরিষদ উপদেষ্টা অধ্যাপক আতাহার আলী খান।