‘গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রোল বোমা হামলা, দরিদ্র নারীদের এই ব্যাংককে রক্ষা করতে হবে’: ড. ইউনূস

0
‘গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রোল বোমা হামলা, দরিদ্র নারীদের এই ব্যাংককে রক্ষা করতে হবে’: ড. ইউনূস

বাংলাদেশ প্রতিবেদকঃ চলতি নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের অন্তত ১০০টি শাখায় ধারাবাহিক পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, “গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের ব্যাংক। এই ব্যাংককে রক্ষা করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নভেম্বরেই ১০০ শাখায় হামলা ও ‘জয় বাংলা’ স্লোগান বিবৃতিতে ড. ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকেই প্রায় প্রতিদিন পরিকল্পিতভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় আগুন দেওয়া হচ্ছে। শুধু চলতি মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “হামলার ধরন ও ধারাবাহিকতা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের নাশকতা চালানোর সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে।”

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, সাম্প্রতিক এই পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে তথ্য উঠে এসেছে। এমনকি চট্টগ্রামে তাঁর নিজের পৈতৃক বাড়িও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের ওপর এই হামলাকে দেশের দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেন ড. ইউনূস। ব্যাংকের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন—ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণগ্রহীতারাই মূলত এই ব্যাংকটির প্রকৃত মালিক এবং তাঁদের ঋণ পরিশোধের হার ৯৫ শতাংশেরও বেশি।

তিনি বলেন, “গ্রামীণ ব্যাংক লাখো নারীকে দারিদ্র্য ও বঞ্চনার অন্ধকার থেকে বেরিয়ে এসে মর্যাদাপূর্ণ জীবনযাপনের পথ দেখিয়েছে। পরিবারের ভরণপোষণ ও সন্তানদের শিক্ষার জন্য ব্যাংকটি তাঁদের অপরিহার্য অবলম্বন। সাম্প্রতিক কয়েকটি হামলায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন, যা লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।”

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে ছড়ানো অপপ্রচারের জবাব দিয়ে ড. ইউনূস স্পষ্ট করেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক সাধারণ ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি ব্যাংকটির কোনো শেয়ারের মালিক নন এবং কখনো ছিলেনও না।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, চলমান সহিংসতা কেবল গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই। জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলে জানান ড. ইউনূস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

বিবৃতির শেষাংশে বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের শুভানুধ্যায়ী ও বন্ধুদেরও এই নাশকতার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর এই হামলা মূলত দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরই একটি নগ্ন আঘাত।