‘ঐক্য হতে হলে বিএনপিকে আগে গণভোটের রায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে’: চট্টগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী

0
‘ঐক্য হতে হলে বিএনপিকে আগে গণভোটের রায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে’: চট্টগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী

চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে আগে ‘ভুল স্বীকার করে গণভোটের গণরায় বাস্তবায়নের মুচলেকা’ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে দলটির এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে যে—ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব। ঐক্য হতে হলে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একসঙ্গে অব্যাহত থাকলেই কেবল ঐক্য সম্ভব।”

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে আমরা অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়ব। আমাদের সংলাপের মুলা ঝোলাবেন না। নতুন করে সংলাপের নামে টালবাহানা করা যাবে না।”

গত আট মাসে ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হওয়া এবং রাজপথে হত্যাকাণ্ডের অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, হামলা ও অত্যাচারে জড়িতদের পুনর্বাসন এবং অর্থ লেনদেনের মাধ্যমে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে বিএনপি।

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, “অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন, পরবর্তী সময়ে সেই আওয়ামী লীগের কারণেই তাঁকে জীবন দিতে হয়েছিল। আপনার বাবা যে ভুল করেছেন, আপনি সেই ভুল করবেন না। আলোচনার সুযোগ নিয়ে গণভোটের গণরায় ও জুলাই গণহত্যার বিচার এড়িয়ে যাওয়ার চেষ্টা হবে আকাশ-কুসুম কল্পনা। তরুণরা এখনো রাজপথে আছেন; প্রয়োজনে তাঁরা মসনদের দোরগোড়ায় গিয়ে হলেও গণরায় বাস্তবায়ন করিয়ে ছাড়বেন।”

পাশাপাশি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ভয় দেখানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আদালত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একদিকে ভারতবিরোধিতা করা হবে, অন্যদিকে পোশাক কারখানা ভারতের কাছে তুলে দেওয়া হবে—এমন দ্বিমুখী রাজনীতি আমরা দেখতে চাই না। তবে ভারতীয় আধিপত্যবাদ বা মোদির প্রশ্ন এলে বাংলাদেশে কোনো দলাদলি থাকবে না; তখন বিএনপি, জামায়াত বা এনসিপি বলে কিছু থাকবে না—১৮ কোটি জনতাই একটি দল হয়ে যাবে।”

সমাবেশ থেকে এনসিপির নেতারা সরকারের কাছে চার দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো— সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও স্থায়ীভাবে নিষিদ্ধ করা। গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন করা। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা। গঙ্গা পানিবণ্টন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করা।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন বলেন, গণভোটের রায় অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে একদলীয় সংসদীয় কমিটি করার মধ্য দিয়েই মূলত জাতীয় ঐক্য ভেঙে দেওয়া হয়েছে। এ সময় তিনি বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অপমান ও গুজব ছড়ানোর অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন। সমাবেশ শেষে নিউমার্কেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। এতে ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তিসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।