স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে মঙ্গলবার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেখবেন দেশীয় প্রযুক্তির সমরাস্ত্র

0
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে মঙ্গলবার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেখবেন দেশীয় প্রযুক্তির সমরাস্ত্র

বাংলাদেশ প্রতিবেদকঃ নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন সরেজমিনে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে তিনি সেখানে পৌঁছাবেন। এই সফরে মহড়া পর্যবেক্ষণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন সরকারপ্রধান।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

উপপ্রেস সচিব জানান, স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রিমাত্রিক এই সামরিক মহড়ায় তিন বাহিনীর এলিট ইউনিটগুলো অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ সেনাবাহিনী প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনী সোয়াডস (SWADS), বাংলাদেশ বিমানবাহিনী ৫০১ এয়ার রেজিমেন্ট

সফরকালে প্রধানমন্ত্রী অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পরিচালিত বিভিন্ন কৌশলগত ও দুঃসাহসিক কার্যক্রম প্রত্যক্ষ করবেন। মহড়া শেষে তিনি দেশের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ও নির্মিত সামরিক সরঞ্জামাদির একটি বিশেষ প্রদর্শনী পরিদর্শন করবেন। দিনব্যাপী এই কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এবং স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত এই দ্বীপটি বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। উল্লেখ্য, দুর্গম এই ভূখণ্ডে এবারই প্রথম কোনো সরকারপ্রধান সরাসরি উপস্থিত থেকে সশস্ত্র বাহিনীর তিন বিভাগের যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন।