
বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৯১টি ক্যাটাগরির ৪ হাজার ৬৯৯টি পদের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন ও নতুন নিয়োগযোগ্যতা নির্ধারণ করেছে সরকার। তবে নতুন এ আদেশে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক থেকে শুরু করে প্রায় সব পদের বেতনগ্রেড এক ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে ‘ফিডার পদে’ চাকরির সময়সীমা অযৌক্তিকভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে। অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতি এবং ঢাকার দিলকুশাস্থ কৃষি ভবনের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিএডিসি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
সোমবার (৩১ আগস্ট) অর্থ বিভাগের উপসচিব মো. সোহেল মারুফ স্বাক্ষরিত পত্রে বিএডিসির পদ ও বেতনগ্রেডের নতুন নির্দেশনা জারি করা হয়। এটি চলতি বছরের ১৪ জানুয়ারি জারি করা পূর্বের আদেশকে বাতিল করে কার্যকর করা হয়েছে।
চেয়ারম্যান পদে সরকারের গ্রেড-১ কর্মকর্তা এবং ৪টি পরিচালক (সদস্য) পদে সরকারের যুগ্মসচিব বা অতিরিক্ত সচিবদের মধ্য হতে প্রেষণে নিয়োগের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ‘সচিব’ (১টি পদ) পদের ক্ষেত্রে নাম ও পদবি পরিবর্তনের জন্য কৃষি মন্ত্রণালয় থেকে অনুমোদিত খসড়া পাঠানোর পর ভেটিং শেষে বেতনগ্রেড নির্ধারণ করা হবে। নতুন নিয়োগযোগ্যতা অনুযায়ী দ্রুত নিয়োগবিধি প্রণয়ন করতে হবে, যা প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ও অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষ। এছাড়া বিলুপ্ত বা নতুন আউটসোর্সিং পদগুলোর জন্য ‘আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা, ২০২৩’ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
(উল্লেখ্য, ১৯৬১ সালে বিএডিসির প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘নির্বাহী প্রকৌশলী’ পদটি ৫ম গ্রেডভুক্ত এবং ‘প্রধান চিকিৎসক’ পদটি ৪্থ গ্রেডভুক্ত ছিল। এ সিদ্ধান্তে প্রকৌশলী ও চিকিৎসকদের পেশাগত মর্যাদায় বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।)
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২য় গ্রেড প্রাপ্তিতে ১৭ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হলেও, বিএডিসির নতুন আদেশে ৩য় গ্রেডে ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ২৪ বছরের দীর্ঘমেয়াদি শর্ত জুড় দেওয়া হয়েছে। একইভাবে ৫ম গ্রেডে পদোন্নতি পেতে ১০ বছরের পরিবর্তে ১৩ বছরের শর্ত আরোপ করা হয়েছে।
পাশাপাশি ৪টি সদস্য পরিচালক পদে প্রেষণে কর্মকর্তা নিয়োগের সুযোগ দেওয়ায় বিএডিসির নিজস্ব কর্মকর্তাদের শীর্ষ পদে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অতীতে বিএডিসির নিজস্ব কর্মকর্তারা সফলভাবে এসব পদে দায়িত্ব পালন করলেও নতুন এ আদেশে তাদের ক্যারিয়ার গ্রোথ থমকে যাবে বলে দাবি কর্মকর্তাদের।
অর্থ মন্ত্রণালয়ের এ বৈষম্যমূলক আদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামছেন।
মঙ্গলবারে দেশব্যাপী বিএডিসির সকল কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালিত হবে। এছাড়া বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিলের ‘কৃষি ভবন’ প্রাঙ্গণে সর্বাত্মক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। দাবি আদায় না হলে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী বিএডিসির সব সেবা বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ বা পূর্ণাঙ্গ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
