জামালপুরে ইজিবাইকের ওপর বাস উল্টে নিহত ৪, আহত ১৫: দীর্ঘ ২ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

0
জামালপুরে ইজিবাইকের ওপর বাস উল্টে নিহত ৪, আহত ১৫: দীর্ঘ ২ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মধ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ । মো. জালাল উদ্দীন (৬০) পিতা মৃত ইউনুস আলী, গ্রাম: বাইটকামারী, জামালপুর সদর।মো. মকবুল হোসেন (৬৫) পিতা মৃত আতাহার আলী, গ্রাম: তুলসীপুর সেগুয়া, জামালপুর সদর। সাদ্দাম হোসেন (৪০) পিতা মো. ফরিদুল ইসলাম, গ্রাম: বাইটকামারী, জামালপুর সদর। অজ্ঞাতনামা যুবক (২৮) আনুমানিক ২৮ বছর বয়সী অপর এক যুবকের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। চালক সজোরে ব্রেক কষলে বাসটি উল্টে গিয়ে সোজাসুজি ইজিবাইকটির ওপর আছড়ে পড়ে। এতে দুটি যানবাহনের অনেক যাত্রী নিচে চাপা পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

ভয়াবহ এ দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে রাত ১০টার দিকে পুলিশ রেকার নিয়ে এসে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।