নোয়াখালী প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড়প্রবণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগ প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে (ইভিসিআর) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান , উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুদল জাব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন শিকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান এর কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অবহিতকরণ সভায় জানানো হয় যে, চর কিং ইউনিয়ন এবং চর ইশ্বর ইউনিয়নে প্রকল্পের আওতায় বিভিন্ন দুর্যোগ প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে চর ইশ্বর ইউনিয়নের ৩টি এবং চর কিং ইউনিয়নের ৩টিসহ মোট ৬টি সাইক্লোন শেল্টারের ক্ষুদ্র মেরামত কার্যক্রম, ওয়াশ ও স্যানিটেশন ব্যবস্থার মেরামত, শেল্টারভিত্তিক সোলার ব্যবস্থা এবং ৪টি সাইক্লোন শেল্টার সংলগ্ন সংযোগ সড়ক মেরামত করা হবে।
এছাড়াও যুব সদস্যকে নিয়ে স্বেচ্ছাসেবক দল পুনঃগঠন করা হবে এবং তাদের দুর্যোগ প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা, স্থানীয় পর্যায়ে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতামূলক বার্তা প্রচারের জন্য বিলবোর্ড স্থাপনসহ বেশকিছু কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়প্রবণ হাতিয়া উপজেলার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় জনগোষ্ঠী এবং উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান। সভায় সংশ্লিষ্ট অংশীজনরা প্রকল্পের কার্যক্রম সফল বাস্তবায়নে সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।

