শার্শা প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে যশোরের শার্শায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে একটি মহল যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য, গুজব ও অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে। এতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সামাজিক অস্থিরতাও তৈরি হচ্ছে। তাই কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে সেটির সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। মিথ্যা, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও উপজেলা জামায়াতের নায়েবে আমির তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, নাভারন প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন রাজু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

