পুলিশ কর্মকর্তার বাসায় ডিএনসির হানা: ৯০ হাজার ইয়াবাসহ উদ্ধার ৩৬ লাখ টাকা, আটক ৩

0
পুলিশ কর্মকর্তার বাসায় ডিএনসির হানা: ৯০ হাজার ইয়াবাসহ উদ্ধার ৩৬ লাখ টাকা, আটক ৩

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলার ঝটিকা অভিযান চালিয়ে এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও বিপুল অঙ্কের নগদ টাকাসহ তিন পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। চোরাচালানের আস্তানা বানিয়ে অভিনব কায়দায় মাদক সরবরাহের গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৯০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৩৬ লাখ টাকা। আটককৃতরা হলেন— চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর শ্যালক মোমেন মেহেদী আশিক, আশিকের স্ত্রী সাদিয়া এবং তাঁদের এক সহযোগী। ডিএনসি সূত্রে জানা গেছে, তাদের মূল বাড়ি সীমান্ত এলাকা টেকনাফের হ্নীলা ইউনিয়নে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা গেছে, টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে শহরের এই বাড়িটিতে মজুত করা হতো। পুলিশের বাসা হওয়ায় সাধারণ মানুষের নজর এড়িয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে ইয়াব চালান করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

ওই বাসায় পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর পরোক্ষ মদদ কিংবা প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিপুল পরিমাণ এই মাদক ও অর্থ জব্দের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মন্ডল জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক কয়েক কোটি টাকা। ইয়াবা ও বিপুল নগদ অর্থের মূল উৎস খুঁজে বের করতে আটক ব্যক্তিদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। মাদক চোরাচালানের আন্তর্জাতিক ও স্থানীয় সিন্ডিকেট ভাঙতে ডিএনসির এই বিশেষ নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।