কলাপাড়া প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার সকাল সাড়ে ১১টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে কুয়াকাটা সৈকতের প্রায় তিন কিলোমিটার পশ্চিম পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন হয়।
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অভিযানে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ও উৎসবমুখর পরিবেশের পর সৈকতকে পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াাদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আয়বায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয় ছাত্রদল,পটুয়াখালী জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা শেষে আমানউল্লাহ আমান বলেন, “সাগরকন্যা কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও জাতীয় সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ। পরিচ্ছন্নতা অভিযান শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে ১ বার সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেন।পর্যটনকেন্দ্রের পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।

