মোল্লাহাটে ৩৫ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসের মুখে

0
মোল্লাহাটে ৩৫ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসের মুখে

এস. এম. সাইফুল ইসলাম কবির: দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বাগেরহাটের মোল্লাহাটে এবার কঠোর অবস্থানে প্রশাসন। উপজেলার কোদালিয়া বিলের আড়ুয়াডিহি অংশে মোবাইলকোর্ট অভিযান চালিয়ে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী ৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো বিনষ্ট করা হয়। একই সঙ্গে মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দুটি পাটাও কেটে দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারীরা অংশ নেন।

মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নিষিদ্ধ ও ক্ষতিকর জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, বিচরণ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি। বিশেষ করে চায়না দুয়ারী জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী আটকা পড়ে। ফলে দীর্ঘমেয়াদে স্থানীয় মৎস্যসম্পদের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে।

অভিযান শেষে জব্দ করা সব জাল প্রকাশ্যে বিনষ্ট করা হয়। পাশাপাশি বিলে মাছের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দুটি পাটা কেটে দেওয়া হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।