কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর মহিপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কলাপাড়া আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মহিপুর থানা পুলিশের একটি দল খাপড়াভাঙ্গা সেতুর নিচে অভিযান চালায়। সেখানে গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীর পাহলানকে (৫০) আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা শানু গাজী (৪৮) নামে একজন পালিয়ে যায়। আটক জাহাঙ্গীর মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের মৃত জয়নদ্দিন পাহলানের ছেলে।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবাসিক হোটেল ‘নিউ সিকদার’-এর সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ১০ পিস ইয়াবাসহ সঞ্জয় আচারী (৩৩) ও সরদার ফাহাদ আহমেদ হিমেল (৩০) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বাসিন্দা।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে বুধবার কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

