রাজশাহী নগরীর ভদ্রায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩ 

0
রাজশাহী নগরীর ভদ্রায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩ 

রাজশাহী প্রতিনিধি : ভোরের আঁধার কাটার আগেই ভদ্রা মোড়ে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল, উসকানিমূলক স্লোগান ও স্থানীয়দের ভয়ভীতি দেখানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো : সোহান ইসলাম ওরফে নিশান (২৬), অন্তু (২৩) ও রাসেল হোসেন রানা (৩০)।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার ভদ্রা মোড় এলাকায় ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল থেকে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেওয়া হয় এবং এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা দিয়ে তাদের নিষেধ করলে মিছিলকারীরা ভয়ভীতি ও হুমকি দেন। পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে। এতে ভীত হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশের ভাষ্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে মিছিল, প্রচার-প্রচারণা এবং সংশ্লিষ্ট ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি করা হয়েছে।

গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।