সাগরে চাঁদা না দেওয়ায়- হামলা, ৪ জেলে আহত

0
সাগরে চাঁদা না দেওয়ায়- হামলা, ৪ জেলে আহত

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে ৪ জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে। আহতরা হলো, মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আহত জেলেরা জানায়, গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেলতে গেলে ওমর ফারুকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শাহআলম। ওমর ফারুক চাঁদা না দিয়ে সকালে ৪ জেলে সহ তার ট্রলার নিয়ে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলেন। পরে শাহআলম চৌকিদারের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে তাদের কাছে গিয়ে দাবিকৃত ১ লাখ টাকা চায়। এসময় টাকা না দেয়ায় ইলিয়াস সাগর থেকে তাদের জাল নিয়ে চলে আসে। পরে শাহআলম, তার ছেলে ইলিয়াস ও রিয়াজ সহ ২০ থেকে ২৫ জন সাগরে গিয়ে ওমর ফারুক সহ তার ট্রলারে থাকা ৪ জেলের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

এব্যাপারে শাহআলম চৌকিদার বলেন, জাল ফেলা নিয়ে তার ছেলের সাথে কথকাটা কাটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। কিন্তু চাঁদার চাওয়ার কোন ঘটনা ঘটেনি। চাঁদর ঘটনাটি সম্পূর্ন বানোয়াট।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।