ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

0
ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

শহিদুল ইসলাম: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের হরিদাসপুর-পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করে।পেট্রাপোল-বেনাপোল শূন্যরেখায় এ হস্তান্তরের সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার এবং বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি, ৪৯ বিজিবির আইসিপি কোম্পানি কমান্ডার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ​ ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন এই নাগরিকরা। পরবর্তীতে আদালত তাদের কারাদণ্ড দেন।

সাজাভোগ শেষে তাদের রাখা হয় তামিলনাড়ুর আত্তুর-সালেম ও তিরুচিরাপল্লির (ট্রিচি) স্পেশাল ক্যাম্পে। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের দেশে ফেরাতে বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। ​চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ ভৌমিক স্বাক্ষরিত এক জরুরি বার্তার ভিত্তিতে দুই দেশের প্রশাসনিক সমন্বয়ে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। ট্রাভেল পারমিটে ফেরত আসা নাগরিকদের সকল ব্যক্তিগত তথ্য ও নাগরিকত্বের প্রমাণ উল্লেখ রয়েছে। ​ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রশাসনিক প্রক্রিয়া শেষে ফেরত আসাদের পোর্ট থানায় পাঠানো হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের প্রতিনিধিরা তাদের গ্রহণ করবেন। ​ এনজিও প্রতিনিধিরা জানান, ফেরত আসা নাগরিকদের নিজ নিজ স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা উপস্থিত হওয়া পর্যন্ত তারা এনজিওর নিরাপদ শেল্টার হোমে থাকবেন এবং সেখান থেকেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।