জয়পুরহাট প্রতিবেদক: জয়পুরহাটের পাঁচবিবিতে এক আখক্ষেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তমেজুল। রাত ৯টার দিকে সেখান থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম আটুলের উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর থেকে স্বজনরা তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না।
শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখক্ষেতে রক্তাপ্লুত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে স্বজন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
পাঁচবিবি থানার ওসি-তদন্ত মোকলেছুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

