পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত

0
পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে গোলাপি আক্তার নামে এক নারীকে(ওয়ারিশ) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত গোলাপি আক্তারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় গোলাপির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।

আহত মোসা: গোলাপি আক্তার অভিযোগ করে বলেন, তার বাবা চার বছর আগে মৃত্যু বরন করেন, মারা যাওয়ার পর চাচারা তাদের পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। জমির অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলায় তারা ক্ষিপ্ত হন। শুক্রবার তার ভাই মেহেদী ও ইমরান মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গেলে সোহেল খান, ফিরোজ খান, দুলাল খান, বাবুল খান, এনায়েত খান, পিয়ারা বেগম ও শাজাহান রাঢ়ীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে তিনি বাড়ি থেকে সেখানে গেলে তাকেও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

গোলাপির ভাই মিজানুর রহমান বলেন, চাকরির কারণে তারা ঢাকায় থাকেন। বাবার মৃত্যুর পর থেকেই চাচারা তাদের জমি দখল করে রেখেছেন। পৈত্রিক সম্পত্তি বুঝে নিতে তারা বাড়িতে এসেছেন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে শালিস বৈঠকের কথাও রয়েছে।শালিস বৈঠকের কথা শুনেই এর মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।

তবে অভিযুক্ত ফিরোজ খান জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, তারা যে জমি দাবি করছেন, তা তারা পাবেন না। নিজেদের মধ্যে মারামারি হয়েছে বলেও তিনি স্বীকার করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।