কমলগঞ্জ প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় মুন্সিবাজারের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মুন্সিবাজার ইউনিয়ন আনসার-ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের উদ্যোগে এ কার্যক্রমে ইউনিয়নের ভিডিপি সদস্যসহ ৭জন অংশ নেন। তারা বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করেন।
পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা এবং বাজারের পরিবেশ সুন্দর রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। আনসার-ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানিয়ে স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেন।
মো. আশরাফুল আলম বলেন, জেলা কমান্ড্যান্ট ও উপজেলা ইউএভিডিওর নির্দেশনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অন্যদেরও স্বেচ্ছাসেবী কাজে উৎসাহিত করবে।

