মাসুদ রানা রাব্বানী: পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেছেন, দীর্ঘ দুই-তিন যুগের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী সবুজ নগর হিসেবে যে পরিচিতি অর্জন করেছে, তা ধরে রাখতে সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর সহযোগিতায় আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও রাজশাহীর সাংবাদিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, তাঁর মেয়র থাকাকালে ১৭ বছরে রাজশাহী মহানগরী জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ প্রত্যেকের দায়িত্ব। নগরীর সবুজায়নে আবাসন খাত, আরএমপি ও আরডিএর ভূমিকার প্রশংসা করেন তিনি।
রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ভূমিমন্ত্রী বৃক্ষের চারা বিতরণ করেন।

