মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর চারঘাটে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিবপুর এলাকায় বানেশ্বর-চারঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় আরও একজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো: চারঘাট উপজেলার চাঁদনগর গ্রামের শাহাবুল হক (৩২) ও শিবপুর গ্রামের মেহেদী হাসান নয়ন (২৮)। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে শিবপুর বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহাবুল হককে ২০০ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ শাহাবুর মেম্বার (৪৪) নামে একজন পালিয়ে যায়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

