রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

0
রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

জয়নাল আবেদীন: রংপুর নগরীর কোতয়ালী থানার স্টেশন রোড (চারতলা মোড়) ও সিটি বাজার এলাকায় তদারকি অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রতিশ্রুতপণ্য যথাযথভাবে বিক্রি না করায় সোমবার স্টেশন রোডস্থ শাপলা চত্বওে ও সিটি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ফিলিং স্টেশন-কে পরিমাপে কারচুপি করায় ৪০ হাজার টাকা এবং সিটি বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা ও ক্রেতাকে ভাউচার না দেওয়ায় মামা-ভাগ্নে আড়ৎ-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরোপিত মোট ৫০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এই তদারকি অভিযানে সহযোগিতা করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিএসটিআই-এর পরিদর্শক ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি-১৩)।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো: জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।