‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’: শেখ হাসিনার ফিরতে চাওয়ার খবরে আসিফ মাহমুদের কড়া প্রতিক্রিয়া

0
'বিমানে নয়, খাঁচায় আসতে হবে': শেখ হাসিনার ফিরতে চাওয়ার খবরে আসিফ মাহমুদের কড়া প্রতিক্রিয়া

বাংলাদেশ প্রতিবেদকঃ দীর্ঘ দুই বছরের বেশি সময় ভারতে অবস্থান করার পর অবশেষে বাংলাদেশে ফেরার কূটনৈতিক ও আইনি প্রস্তুতি শুরু করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সিদ্ধান্তের অংশ হিসেবে সম্প্রতি দিল্লি হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা হয়েছে বলে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। এ খবর প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) এনসিপি নেতা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে শেখ হাসিনার দেশে ফেরার এ পদক্ষপকে লক্ষ্য করে কটাক্ষ করে লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

রয়টার্সের প্রতিবেদনে দেখা যাওয়া একটি দলিলের ভিত্তিতে জানা যায়, লন্ডনের খ্যাতিমান আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার পক্ষ থেকে একটি লিখিত আবেদন পাঠান।

চিঠিতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ইস্যু এবং জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করার পর এটিই বাংলাদেশ সরকারের সঙ্গে শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক বা দাপ্তরিক যোগাযোগ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার এক সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই আইনি প্রক্রিয়ায় পাসপোর্ট ও এনআইডি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তবে বাংলাদেশে তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক হত্যা মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ পর্যায়ে থাকা এবং সাজা ঘোষণা হওয়ায়, সাধারণ নাগরিক হিসেবে তার দেশে ফেরার পথ কতটা আইনি সমর্থন পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশ সরকার তাকে ভারতের সাথে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে আসছে।