জাতিসংঘ অধিবেশনে তারেক রহমান: সাইডলাইন বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

0
জাতিসংঘ অধিবেশনে তারেক রহমান: সাইডলাইন বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

কূটনৈতিক প্রতিবেদকঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী দিনে কূটনৈতিক ব্যস্ততায় সময় পার করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ বিতর্কের প্রথম দিনেই ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় সাইডলাইন বৈঠক করেছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পৃথকভাবে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রদত্ত এক বার্তার মাধ্যমে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈঠকগুলোতে দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশ দুটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়, বাণিজ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের জনগণের আর্থ-সামাজিক কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ প্রতিনিধিদলের ঊর্ধ্বতন সদস্যগণ এ সময় তার সঙ্গে ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং কূটনৈতিক প্রতিনিধিরা এতে অংশ নেন।

অধিবেশন শুরুর আগে সকালে জাতিসংঘ সদরদপ্তরে বিশ্বনেতাদের সম্মানে মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হলেও উচ্চপর্যায়ের নেতাদের উপস্থিতিতে বৈশ্বিক ইস্যুভিত্তিক সাধারণ বিতর্ক আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।