রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় আরও একজন গ্রেপ্তার

0
রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় আরও একজন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ অহিদ আলী (৫০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মতিহার থানা পুলিশের সহযোগিতায় নগরীর অকট্রয় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মোঃ অহিদ আলী মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মুস্তারী জানান, গত ৭ সেপ্টেম্বর ভোরে বোয়ালিয়া মডেল থানার ভদ্রা মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেয়, স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা দিলে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে তাঁকে মারধরের উদ্দেশ্যে অভিযুক্তরা এগিয়ে আসেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলার তদন্তে পাওয়া তথ্য, সাক্ষীদের বক্তব্য ও গোপন সূত্রের ভিত্তিতে অহিদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে অহিদ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।