
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফ্রিকার দীর্ঘদিনের প্রতিনিধিত্বের ঘাটতি দূর করে মহাদেশটিকে ন্যায্য স্থান দেওয়ার জোর দাবি জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিষয়টি কেবল সমতার অংশ নয়, বরং আন্তর্জাতিক ন্যায়বিচার ও খোদ জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থেই জরুরি বলে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিশেষ পোস্টে এসব কথা জানান ড. খলিলুর রহমান।
পোস্টে তিনি বেশ গুরুত্বের সঙ্গে মন্তব্য করেন, ‘আফ্রিকাকে আলোচনার টেবিলে থাকতে হবে, মেনুতে নয়।’
ড. খলিলুর রহমান জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী বক্তব্যে তিনি বিশ্বের সমস্ত সদস্য রাষ্ট্রগুলোর প্রতি এই বৈষম্য দূর করার আহ্বান জানান। নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্ব না থাকার বিষয়টিকে বৈশ্বিক পরাশক্তিগুলোর সিদ্ধান্তের দীর্ঘদিনের ঘাটতি হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় আফ্রিকার সঠিক অংশীদারিত্ব এখন সময়ের দাবি।
উল্লেখ্য, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বিস্তর পরিবর্তন আসলেও ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে আফ্রিকার কোনো স্থায়ী আসন নেই। এ নিয়ে বৈশ্বিক কূটনৈতিক মহলে দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি উঠে আসছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. খলিলুর রহমানের এই জোরালো বক্তব্য আফ্রিকা মহাদেশের দীর্ঘদিনের দাবিকে আন্তর্জাতিক কূটনীতির শীর্ষ এজেন্ডায় নতুন করে তুলে ধরল।
