রংপুরে ফ্রী মেডিকেল চিকিৎসা 

0
রংপুরে ফ্রী মেডিকেল চিকিৎসা 

জয়নাল আবেদীনঃ রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে এবং রংপুর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প।অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর ।

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের জনক অধ্যাপক ডা. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ওয়াজেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী আফরিদা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সিইও মো. আনোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রোগ প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নীরব ঘাতক হিসেবে পরিচিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত রক্তচাপ পরিমাপ, চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে আগতদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এ ধরনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।