রাঙামাটি প্রতিনিধি: সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাসস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) সকালে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ও মামলার আসামিদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকেই রাজস্থলী বাসস্টেশন ও এর আশপাশের এলাকায় অবস্থান নেয় রাজস্থলী থানা-পুলিশ। এ সময় সন্দেহভাজনদের ওপর নজরদারি ও তল্লাশি চালানোর একপর্যায়ে সাজ্জাদ তালুকদারকে শনাক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবরে পুলিশ বাসস্টেশন এলাকায় অভিযান চালায়। তল্লাশিকালে সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালেই যথাযথ পুলিশি প্রহরায় তাঁকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, হস্তান্তরের পর সংশ্লিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী পার্বত্য এলাকায় পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।

