অলিগার্কদের আঁতাতে ২৮ লাখ কোটি টাকা পাচার, অর্থনীতিতে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল: রাষ্ট্রপতি

0
অলিগার্কদের আঁতাতে ২৮ লাখ কোটি টাকা পাচার, অর্থনীতিতে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল: রাষ্ট্রপতি

বাংলাদেশ প্রতিবেদকঃ বিগত স্বৈরাচারী শাসনামলে ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অশুভ আঁতাতের মাধ্যমে জনগণের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনীতির প্রায় সর্বত্র মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দীর্ঘদিনের এই লুটপাটের ফলে দেশের সামগ্রিক অর্থনীতি দুর্নীতি ও চরম নৈরাজ্যের এক গভীর চক্রে নিমজ্জিত হয়েছিল।’

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

সুশাসন ভেঙে পড়ায় বাংলাদেশকে চরম মূল্য দিতে হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। কেবল রাজনৈতিক প্রতিষ্ঠানই নয়; ব্যাংকিং, বীমা, পুঁজিবাজার এবং করপোরেট গভর্ন্যান্সের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্তম্ভগুলোও এই নগ্ন হস্তক্ষেপ ও ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে।’

বিগত আমলে অর্থ পাচারের ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির প্রকৃত অবস্থা নিয়ে ২০২৪ সালে প্রকাশিত শ্বেতপত্রে প্রাক্কলন করা হয়েছে যে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা দেশীয় মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থাৎ বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা আমাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।’

ব্যাংক খাতের বর্তমান চিত্র ও খেলাপি ঋণের প্রকৃত তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ডে আরও স্বচ্ছ ঋণ শ্রেণিকরণ পদ্ধতি প্রয়োগের ফলে আগে কৃত্রিমভাবে লুকিয়ে রাখা দুর্দশাগ্রস্ত সম্পদ এখন প্রকাশ্যে আসছে। এ কারণেই খেলাপি ঋণের অঙ্ক এত বড় দেখাচ্ছে। সত্য ও স্বচ্ছতা সাময়িকভাবে বেদনাদায়ক হতে পারে, কিন্তু টেকসই সমাধানের জন্য এটি অপরিহার্য। সংকটের প্রকৃত গভীরতা স্বীকার না করে আমরা এর স্থায়ী সমাধান করতে পারব না।’

ধ্বংসপ্রায় অর্থনীতি পুনরুদ্ধারে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার ও পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘অর্থ পাচার প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা, ব্যাংকিং খাতে জালিয়াতি রোধে আইনি সুরক্ষা বৃদ্ধি, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণের বিশাল বোঝা কমিয়ে আনতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কোনো ধরনের আপস ছাড়াই টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে এসব উদ্যোগকে এগিয়ে নিতে হবে।’

সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল সামষ্টিক-আর্থিক প্রেক্ষাপট ও বিনিয়োগকারীদের আস্থা তৈরি’ বর্তমান সময়ে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রতিফলন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আস্থাই একটি শক্তিশালী ও গতিশীল আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি। সাধারণ আমানতকারীরা বিশ্বাসের ওপর ভিত্তি করে ব্যাংকে তাদের কষ্টার্জিত সঞ্চয় রাখেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর নির্ভর করেন এবং নাগরিকরা প্রত্যাশা করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ সুরক্ষিত রাখবে। এই আস্থার সংকট তৈরি হলে তার নেতিবাচক প্রভাব কেবল আর্থিক বাজারেই সীমাবদ্ধ থাকে না; বরং তা প্রতিটি পরিবার, ব্যবসাবাণিজ্য এবং সামগ্রিক জাতীয় স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলে দেয়।’

আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং মানসম্মত সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন তৈরির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্যের অবাধ প্রাপ্যতা এবং একটি স্থিতিশীল ও পূর্বাভাসযোগ্য নিয়ন্ত্রণমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন জোরদার করতে হবে; কারণ করদাতারা সরকারি ব্যয় এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্পষ্ট ও যাচাইযোগ্য হিসাব জানার পূর্ণ অধিকার রাখেন।

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) অপরিসীম গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আনুষ্ঠানিক ব্যাংক ঋণ প্রাপ্তির সুযোগ তৈরির আহ্বান জানান। এ লক্ষ্যে সহজীকৃত কমপ্লায়েন্স নীতিমালা, ডিজিটাল আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং সঠিক হিসাবরক্ষণ ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার পরামর্শ দেন তিনি।

জাতীয় অর্থনীতি সুরক্ষাকে সবার সম্মিলিত দায়িত্ব হিসেবে অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, এটি কেবল নিরীক্ষকদের একার কাজ নয়। হিসাবরক্ষক, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় প্রশাসক, প্রকল্প প্রকৌশলী এবং নীতিনির্ধারক—সবারই জনগণের সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নীতিনির্ধারণী প্রক্রিয়াতেও পেশাদার হিসাবরক্ষকদের সক্রিয়ভাবে যুক্ত করা উচিত। অনিয়ম, অর্থের অপব্যবহার ও অযাচিত প্রভাবের বিরুদ্ধে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে ‘প্রথম প্রতিরক্ষা ব্যুহ’ হিসেবে গড়ে তুলতে হবে।

নিরীক্ষকদের পেশাগত স্বাধীনতার ওপর বিশেষ জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘যেকোনো নিরীক্ষা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নিরীক্ষকের পূর্ণ স্বাধীনতার ওপর। হিসাবরক্ষণ পেশাজীবীদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ার পাশাপাশি যেকোনো অযাচিত চাপ প্রতিহত করার নৈতিক সাহস থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে হিসাবরক্ষক, সরকারি কর্মকর্তা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো কোনো ধরনের ভয়ভীতি ও পক্ষপাতমুক্তভাবে স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দ্রুত ডিজিটালাইজেশন এবং বৈশ্বিক টেকসই মানদণ্ডের প্রভাবে হিসাবরক্ষণ ও আর্থিক পেশায় আমূল পরিবর্তন আসছে উল্লেখ করে রাষ্ট্রপতি অবৈধ অর্থপ্রবাহ রোধ, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া অর্থ বিভাগের সচিব, আইসিএবি ও সাফার সভাপতি, জ্যেষ্ঠ নীতিনির্ধারক এবং বাংলাদেশসহ সার্কভুক্ত ও বিভিন্ন দেশের হিসাবরক্ষণ পেশাজীবী ও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।