দল ক্ষমতায় এলে ত্যাগীরা হারিয়ে যায়, বাড়ে হাইব্রিডদের আনাগোনা: রংপুরে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

0
দল ক্ষমতায় এলে ত্যাগীরা হারিয়ে যায়, বাড়ে হাইব্রিডদের আনাগোনা: রংপুরে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

জয়নাল আবেদীন: দল ক্ষমতায় আসার পর ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং সুবিধাবাদী হাইব্রিডদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শুক্রবার রাতে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, “দল ক্ষমতায় গেলে নানা ধরনের অসংগতি তৈরি হয়। এটা কেবল রংপুরে নয়, পুরো দেশেই ঘটে। যখন দল ক্ষমতায় যায়, তখন অনেক নিবেদিত কর্মী আমাদের কাছ থেকে হারিয়ে যায় এবং হাইব্রিডদের প্রভাব বাড়ে। এই সুবিধাবাদী চরিত্রের মানুষগুলো এখন দলকে ব্যবহার করবে, কিন্তু দল যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে তাদের আর খুঁজে পাওয়া যাবে না।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, “দীর্ঘ ১৭ বছরের বৈষম্য ও জঞ্জালের কারণে মানুষের অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তবে এখন তদবিরের মাত্রা বেশি বেড়ে গেছে। অনেকেই নিজ স্বার্থের বাইরে গিয়ে ‘খালাতো ভাইয়ের ছোট ঘরের অমুক’ পরিচয়ে সুপারিশ নিয়ে আসছেন, যাদের গত ১৭ বছর রাজপথে দেখা যায়নি। এই ধরনের সুপারিশ ও তদবিরের বিষয়ে নেতাকর্মীসহ সবাইকে সজাগ থাকতে হবে। অন্যের সুপারিশের বদলে নিজের কথা সরাসরি বলা উচিত।”

দলের সার্বিক কার্যক্রম ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে মন্ত্রী বলেন, “দল ক্ষমতায় এলে কিছুটা রাজনৈতিক কর্মসূচি কমে গেলেও মাননীয় প্রধানমন্ত্রী ও পার্টির চেয়ারম্যান ৭ই নভেম্বর এবং সনাতন ধর্মের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কিছু কর্মসূচি দিয়েছেন। আন্তর্জাতিক ও দেশীয় ফ্যাসিস্ট চক্র পূজাকে কেন্দ্র করে নানামুখী চক্রান্তের চেষ্টা চালাতে পারে। তারা কখনো বিদ্যুৎ, কখনো জ্বালানি, আবার কখনো অটোরিকশা কিংবা পূজা কেন্দ্রিক নানা ইস্যু সামনে নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করবে। তাই সবাইকে নিজ নিজ এলাকায় গিয়ে পূজামণ্ডপগুলোতে সহযোগিতা ও পাহারা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রতিটি মন্দিরে গত ১০ বছরের তুলনায় সর্বোচ্চ পরিমাণ আর্থিক অনুদান ও বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ।

স্মরণসভার শুরুতে মরহুম আনিছুর রহমান লাকুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরবর্তীতে তাঁর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।