গণভোটের রায় মেনে নিলেই শ্রমিক-জনতার ইস্পাতকঠিন ঐক্য গড়ে উঠবে: মিয়া গোলাম পরওয়ার

0
গণভোটের রায় মেনে নিলেই শ্রমিক-জনতার ইস্পাতকঠিন ঐক্য গড়ে উঠবে: মিয়া গোলাম পরওয়ার

চট্টগ্রাম প্রতিনিধি: গণভোটের রায় মেনে নিলেই দেশে ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায়কে কোনোভাবেই সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজকদের দাবি, বন্দরনগরীর এই বিশাল সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার দেশের শ্রমনীতির সমালোচনা করে বলেন, “দেশের শিল্পমালিকরা প্রায়ই বলে থাকেন ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’। কথাটি নিঃসন্দেহে সত্য, তবে সবার আগে মনে রাখতে হবে শ্রমিক বাঁচলেই কেবল শিল্প বাঁচবে। যে শ্রমনীতি শ্রমিকদের ন্যূনতম মৌলিক অধিকার, দুবেলা পেটপুরে খাবার এবং অসুস্থতার সময় সুচিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, সেই বৈষম্যমূলক নীতি প্রত্যাখ্যান করতে হবে। এর পরিবর্তে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা জরুরি।”

জাতীয় ঐক্য ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে সরকার নিজেই আজ ঐক্যের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার যদি সত্যিকার অর্থেই জাতীয় ঐক্য চায়, তবে অবিলম্বে জনগণের গণভোটের রায় মেনে নিতে হবে।

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও এই ষড়যন্ত্রে যুক্ত থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। জাতীয় স্বার্থ উপেক্ষা করে দেশের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা হলে এ দেশের জনগণ তা কখনোই মেনে নেবে না। বিদেশনির্ভরতা কমিয়ে দেশের সব কৌশলগত সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান।

আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিবেশী দেশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ কোনোভাবেই দিল্লির আধিপত্য মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে। আধিপত্যবাদী শক্তির প্রভাব মোকাবিলায় শ্রমিক-জনতাকে ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখতে হবে এবং দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”

সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান দেশের সব শ্রম খাতে শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান। বর্তমান বাজার পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে গার্মেন্টস ও শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের আহ্বান জানান। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সাথে করা সব চুক্তির শর্তাবলি স্বচ্ছতার স্বার্থে জনসমক্ষে প্রকাশের দাবি তোলেন তিনি।

এ ছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর সেক্রেটারি নুরুল আমিন, সংসদ সদস্য জহিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী প্রমুখ। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, দক্ষতা বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণ এবং নৈতিকতার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২০২৭-২৮ সেশনের জন্য চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে এস এম লুৎফর রহমান পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং আবু তালেব চৌধুরী সাধারণ সম্পাদক মনোনীত হন। নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক।