যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

0
যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

শহিদুল ইসলাম: যশোরে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি প্রাইভেট কারসহ আরও বেশ কিছু মালামাল জব্দ করা হয়।

​শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করে।

​আটককৃতরা হলেন সাতক্ষীরার কলারোয়া থানার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়তুর রহমান (৩৮)।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিজিবির একটি টহল দল যশোর-নড়াইল সড়কের বিজিবির ১ নং গেটের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে।পরে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৫টি স্বর্ণের বারের মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা, ২৩ গ্রাম রৌপ্য ৭ হাজার টাকা, একটি প্রাইভেট কার ৩২ লাখ টাকা, চারটি মোবাইল ফোন ৪৮ হাজার টাকা, দুটি হাতঘড়ি ৩ হাজার টাকা এবং নগদ ৩ হাজার টাকা রয়েছে। সব মিলিয়ে সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

​যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান,সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে এবং সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।