সংবিধান সংশোধনের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

0
‘জুজুর ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’ • আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের ডাক জামায়াতের

‘জুজুর ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’ • আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের ডাক জামায়াতের

যশোর প্রতিনিধি: বিদ্যমান সংবিধান পুরোপুরি সংস্কার না করে কেবল শাসকগোষ্ঠীর নিজেদের পছন্দসই লোক দিয়ে সংশোধনের নামে সরকার জাতির সঙ্গে চূড়ান্ত প্রতারণায় মেতে উঠেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী ৩১ অক্টোবর ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের যৌথ উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভার পূর্বে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা অভিযোগ করেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণরায় এবং ‘জুলাই সনদ’-এর মূল চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, “সরকার ইচ্ছাকৃতভাবে এই রাজনৈতিক সংকটকে পার্লামেন্টে সমাধানের পথ রুদ্ধ করে দিয়ে তা রাজপথে ঠেলে দিচ্ছে। তারা যদি এই গণবিরোধী ও অপরিণামদর্শী চিন্তা থেকে ফিরে না আসে, তবে দেশকে এক ভয়াবহ ও অনির্দিষ্ট রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া হবে।”

বিরোধী দলের রাজপথের আন্দোলন ও লংমার্চ স্তব্ধ করতে বিএনপি সরকার অপকৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেন সাবেক এই সংসদ সদস্য। তিনি উল্লেখ করেন, “বিরোধী দলের লংমার্চে নাকি ‘পতিত সরকার ফিরে আসবে’—এমন একটি কাল্পনিক ও নতুন ন্যারেটিভ বা অজুহাত তৈরি করা হচ্ছে। এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। সরকার মূলত ভীতি প্রদর্শন করে জনগণের যৌক্তিক ও ন্যয্য দাবিগুলোকে এড়িয়ে যাওয়ার বাহানা খুঁজছে।”

দেশের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বারবার বাড়ানোর ফলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। সমাজে খুন, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ ও দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যার ফলে জনগণের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।”

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর কর্মসূচির ধারাবাহিকতায় এবার তৃতীয় ধাপে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছে ১১ দলীয় জোট। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়ন এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে এই ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হবে। এই গণদাবি আদায়ের কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় এবং যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল এমপির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া আবুল কালাম আজাদ, সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজ, এমপি আজিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানসহ দলটির জ্যেষ্ঠ প্রতিনিধিগণ।