চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সীমান্তবর্তী এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ছয় সপ্তাহব্যাপী ‘মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ’ কার্যক্রম শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরুণদের কারিগরি দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নিরাপদ ও সুন্দর জীবন গঠনে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নে ৩৫ জন যুবককে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মনাকষা বিওপির কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্য।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

