শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

0
শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ।

নোয়াখালী প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেছেন তার পুত্রবধূ। শ্বশুরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়ার পর রোববার (২৫ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্যের দাবি, শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা গেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে মারা যান মো. মফিজুর রহমান মফিজ মিয়া। তার মৃত্যুর খবর শুনে ছেলে আলমগীর হোসেনের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

মফিজ মিয়া সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মরহুম হাজী হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, তার পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয় বাবার বাড়িতে।

চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, মফিজ মিয়া খুব ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ স্ট্রোক করে মারা গেছেন। একই পরিবারের এক দিনের ব্যবধানে দুজনের মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।