সাতক্ষীরা প্রতিনিধিঃ খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের কর্মসূচি শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বেপরোয়া বাসের চাপায় আব্দুল খালেক মোড়ল (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন পথচারী নিহত হয়েছেন। বাসটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে খাদে পড়ে যায়, এতে জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চারাবটতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক মোড়ল পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে জামায়াতের নেতাকর্মীদের একটি বাস সাতক্ষীরায় ফিরছিল। পথিমধ্যে চারাবটতলা মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আব্দুল খালেক মোড়ল। এ সময় বাসটি তাকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী রিপন মোল্লা জানান, বৃদ্ধ লোকটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসটি তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, লংমার্চ থেকে ফেরার পথে হঠাৎ গাড়িটির সামনে ওই বৃদ্ধ ব্যক্তি চলে আসেন। তাকে বাঁচানোর চেষ্টা করতেই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে আমাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসচাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। বাসটি খাদে পড়ার পর চালকের অবস্থা গুরুতরসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

