সাইফুল ইসলামঃ ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি যেকোনো সময় ‘এক দফায়’ রূপ নিতে পারে বলে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, সরকার যদি ভালোয় ভালোয় সাত দফা না মেনে নেয়, তবে এক দফার পাথরের নিচে তাদের পিষ্ট হতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ভোটে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি সরকার গঠন করেছে। একান্ন ভাগ মানুষের ভোটকে তারা সম্মান দেখালেও সত্তর ভাগ মানুষ গণভোটে যে রায় দিয়েছিল, সরকার তা এখনো বাস্তবায়ন করেনি। তারা এ নিয়ে তালবাহানা করছে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচন বৈধ হলে গণভোটও বৈধ, আর গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচনও বৈধ থাকতে পারে না—জাতির সঙ্গে এই দ্বিচারিতা মেনে নেওয়া হবে না।
বিরোধীদলীয় এই নেতা বলেন, আমরা ব্যক্তিগত স্বার্থে বা প্লট-উপঢৌকনের লোভে রাজনীতি করি না। অতীতে ঘোষণা দিয়েছিলাম মন্ত্রী-এমপিরা ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না এবং সরকারও আমাদের সঙ্গে একমত হতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি জনগণের গণরায়কেও এই সরকারকে মেনে নিতে হবে।
সরকারকে হুশিয়ার করে জামায়াত আমির বলেন, “আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদের লংমার্চগুলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। কিন্তু জনগণের অধিকারকে পায়ের নিচে ফেলে দিলে বিরোধী দল বসে বসে আঙুল চুষবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হব।” তিনি আরও ঘোষণা দেন, সরকার যদি গণরায়ের দাবি না মানে, তবে আগামীতে ঢাকা অভিমুখে নতুন আন্দোলনের ডাক দেওয়া হবে।
ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবু বকর এমপির সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, ডাকসুর ভিপি হান্নান মাসঊদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
ঝিনাইদহের পথসভা শেষে লংমার্চটি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়।

