বড়দিনে ট্রাস্ট চেয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন ৩ কোটি টাকা অনুদান

0
বড়দিনে ট্রাস্ট চেয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন ৩ কোটি টাকা অনুদান

বিশেষ প্রতিনিধি: খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিশেষ অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকার অনুদান চাওয়া হলেও প্রধানমন্ত্রী আবেদনের চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুদানের অনুমোদন দিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক সারসংক্ষেপে এই অনুদান প্রদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান বরাদ্দের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

মন্ত্রণালয়ের সারসংক্ষেপে উল্লেখ করা হয় যে, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় চলতি ২০২৬ সালেও শুভ বড়দিন উপলক্ষে ২ কোটি টাকা অনুদান বরাদ্দের আবেদন করা হয়েছিল। তবে ধর্মীয় সম্প্রীতি ও সর্বজনীন উৎসবের আবহ আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত অর্থের পরিধি বাড়িয়ে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে সারাদেশের গির্জা ও খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বড়দিনের উৎসব পালন এবং সামাজিক কল্যাণমূলক কাজের পরিধি আরও প্রসারিত হবে বলে মনে করছেন ট্রাস্টের নেতৃবৃন্দ ও সম্প্রদায়-সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর এই প্রশংসনীয় ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।